নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের যৌথ বেঞ্চ এ আদেশ দেন।
এই পাঁচ মামলার মধ্যে চারটিতে আইভীকে গ্রেফতার দেখানো হয়েছিল। সেগুলো হলো— ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা এবং পারভেজ হত্যা মামলা। অপর মামলাটি সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা হয়।
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং কারাবন্দি রাখা হয়।