
নীলফামারী, ১১ ফেব্রুয়ারি ২০২৬: সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে আগত ফ্লাইট থেকে নামার পর বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে বিমানবন্দরে তার লাগেজ তল্লাশির সময় নগদ টাকার বান্ডিল পাওয়া যায়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত টাকার পরিমাণ ৪০ থেকে ৬০ লাখ টাকার মধ্যে বলে ধারণা করা হচ্ছে। টাকা গণনা ও যাচাই-বাছাই চলছে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। টাকার উৎস, বহনের উদ্দেশ্যসহ সবকিছু খতিয়ে দেখা হবে।”
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও কোনো বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টাকা বহনের কোনো বৈধ কাগজপত্র ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি