আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার রামু উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রামু উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১:৩০ টায় রামু উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রামুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং নানা ধরনের নাশকতামূলক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা ও গণতন্ত্র সুরক্ষায় তাদের এই চক্রান্ত যেকোনো মূল্যে রুখে দেওয়া হবে। নেতাকর্মীদের সবসময় সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, দেশের শান্তি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।