কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামু থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১ মামলার পরোয়ানাভুক্ত এক দুর্ধর্ষ আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার (১৫ জুন) দুপুরে রামু থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোশারফ: তিনি রামু থানার ফতেখারকুল ইউনিয়নের চেরাংগঘাট এলাকার নুরুল হকের ছেলে। তার বিরুদ্ধে অপহরণ ও দস্যুতাসহ ১১টি মামলা এবং একটি সিআর (১০৩/২৪) মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
২. মো. সোফায়েল প্রকাশ সেফায়েল (২৮): তিনি রশিদনগর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের কাহাতিয়াপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। তার বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা এবং একটি জিআর (১৪/১৮) মামলার পরোয়ানা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ার ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি চৌকস দল গতকাল সোমবার দুপুর আনুমানিক ২:০০ ঘটিকার সময় রামু থানার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিনের পলাতক এই দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
রামু থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। আজ তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।