ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে জামায়াত নেতা আজিজুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে মুক্তাগাছা থানা পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজিজুল হক (৩৫) মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে বলে জানা যায়। অভিযোগ উঠেছে, তিনি ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট ও ছবি শেয়ার করে অপপ্রচার চালিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মামলা ছাড়াই ৫৪ ধারায় আটক দেখিয়ে তাকে সরাসরি আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তিনি এখন কারাগারে রয়েছেন।
ঘটনার পর স্থানীয় জামায়াত নেতাদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে বলে জানা যায় ।