দিদারুল আলম জিসান: কক্সবাজার
গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পূর্ব মহিষকালীয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর শুকুর এর ছেলে দিলদার আহমেদ (৪২)।
গতকাল বৃহস্পতিবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১৬ এপ্রিল আনুমানিক ১২:৪০ ঘটিকায় খারাংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ হেনরি (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক সিএনজি‘র ব্যাটারীর নিচের অংশের ভিতরে অভিনব কায়দায় লুকানো কালো কসটেপ দ্বারা প্যাঁচানো ০৪টি মিনি কাট অর্থাৎ ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং আটক করা হয় সিএনজির চালক দিলদার আহমেদ (৪২), পিতা-আব্দুর শুকুর, মাতা-মজিনা বেগম, গ্রাম-পূর্ব মহিষকালীয়াপাড়া, পোস্ট-নয়াপাড়া, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজারকে এবং জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত সিএনজি। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা খারাংখালী হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, সিএনজি ও গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।