নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী মিনি বাসে বসে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে আব্দুর রাজ্জাক (৬৫) নামের এক প্রবীণ ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার শরীর তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাবার বাগান এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘জনতা পরিবহন’ নামের একটি মিনি বাসে এই অভিযান চালানো হয়।
আটক আব্দুর রাজ্জাক কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজ পাড়া ফাতের ঘোনা এলাকার মৃত আমির হোসেন ও মৃত কুলসুমা বেগমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রামু রাবার বাগানে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসটির এ-৩ নম্বর সিটে বসা ছিলেন আব্দুর রাজ্জাক। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে অধিদপ্তরের একটি দল বাসে তল্লাশি চালায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে স্কচটেপ ও ব্যান্ডেজ দিয়ে লুকিয়ে রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, আব্দুর রাজ্জাকের ডান পায়ের হাঁটুর ওপর স্কচটেপ ও ব্যান্ডেজ দিয়ে মোড়ানো চারটি পলি প্যাকেটে চার হাজার পিস এবং বাম পায়ের হাঁটুর ওপর একইভাবে আরও চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া তার পরিহিত লুঙ্গির ডান কোচরে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো ১০টি জিপারলক প্যাকেটে ছিল আরও দুই হাজার পিস ইয়াবা। সব মিলিয়ে তার কাছ থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানান উপপরিচালক সোমেন মন্ডল।