কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসার দৃশ্য নজরে আসে বিজিবির বিশেষ টহল দলের। তাৎক্ষণিকভাবে বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেন জওয়ানেরা। একপর্যায়ে নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে নামিয়ে পাশের কেওড়া বনে লুকিয়ে পড়ে।
এ সময় বিজিবির আরেকটি দল স্পিডবোট নিয়ে দ্রুত ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। পরিস্থিতি বেগতিক দেখে কারবারিরা পানিতে ইয়াবাভর্তি বস্তাগুলো ভাসমান অবস্থায় ফেলে রেখে দ্রুত নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১০টি বস্তায় মোট ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগে রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি মোটরসাইকেল আটক করা হয়। এ সময় মো. হোসাইন (২০) নামের অপর এক যুবককে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
তিনটি পৃথক অভিযানে সর্বমোট ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। আটককৃত দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ নিয়মিত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের মাধ্যমে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি সীমান্ত এলাকায় চোরাচালানের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতাসম্পন্ন করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।