দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমদ (৩৬)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল জানতে পারে, মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমদ হোয়াইক্যং এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তাক আহমদ টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নুর আহমদের ছেলে।
তার বিরুদ্ধে জিআর মামলা নম্বর-১৮১/২২ (চান্দগাঁও), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(খ) ধারায় সাত বছরের সাজা পরোয়ানা রয়েছে। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।