কক্সবাজারের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার প্রধান পরিকল্পনাকারী, শীর্ষ মাদক পাচারকারী এবং ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সলিম উল্লাহকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ডুলাহাজারা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসিএস ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কক্সবাজার সদর থানার বহুল আলোচিত ৩ লাখ পিস ইয়াবা চোরাচালান ও উদ্ধার মামলার প্রধান সমন্বয়কারী চকরিয়া এলাকায় আত্মগোপনে রয়েছে। তথ্যের সত্যতা ও আসামির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে শনিবার আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটে ডুলাহাজারা বাজার এলাকায় অভিযান চালায় এসআরবি টিমের সদস্যরা।
অভিযানকালে এসআরবি টিমের আকস্মিক উপস্থিতি টের পেয়ে আসামি সলিম উল্লাহ পালানোর চেষ্টা করলে আভিযানিক দল চারদিক থেকে ঘিরে ফেলে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে আলামত হিসেবে ১টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
মোঃ সলিম উল্লাহ (৩০), পিতা: খুইল্লা মিয়া, মাতা: সুফিয়া খাতুন। তিনি কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউপির পূর্ব মুড়াপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসআরবি-১৫ জানায়, গ্রেফতারকৃত সলিম উল্লাহ একটি সংঘবদ্ধ আঞ্চলিক মাদক চোরাচালান চক্রের মূল সমন্বয়ক। সে দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচারের পরিকল্পনা ও পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।