দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আরাফাত হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফের হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গোঘোনা পোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মো. আরাফাত হোসেন টেকনাফ উপজেলার উত্তর হোয়াইক্যং গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল কেরেঙ্গোঘোনা পোস্ট এলাকায় মিয়ানমারের দিক থেকে ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় টহল দলের সদস্যরা তাকে আটক করেন।
পরে তার হাতে থাকা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টন থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।