দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে পেটের ভেতর করে পাচারের সময় ১ হাজার ৮৫০ পিস বার্মিজ ইয়াবাসহ মো. আব্দুল হাকিম (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীন রেজুখাল চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক আব্দুল হাকিম টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. আলী আকবরের ছেলে।
বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করার সময় আব্দুল হাকিমকে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি। এরপর বিশেষ প্রক্রিয়ায় তার পায়ুপথ দিয়ে বের করে ১ হাজার ৮৫০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে।