দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোহাম্মদ জহির (১৯) নামে আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উখিয়া থানাধীন ১১ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের সামনে ইট সলিং সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি দল।
র্যাব জানায়, চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচল করায় জহিরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জহির উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২-এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে সে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় জহিরের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।