দিদারুল আলম জিসান: কক্সবাজার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার ৭০টি বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবাসহ আবুল কালাম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিটি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর আদর্শগ্রাম চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
১১ বিজিবি সূত্রে জানা যায়, আদর্শগ্রাম চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালানোর সময় এর সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কাটে মোট ৫০ হাজার ৭০টি বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিসহ আবুল কালামকে আটক করা হয়।
আটক আবুল কালাম কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বড় জামছড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল কাশেম।
বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজিসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।