দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় এক লাখ পিস ইয়াবাসহ রুহুল আমিন (১৮) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের মৌলভীবাজার পূর্বপাড়া এলাকায় উখিয়া ৬৪ বিজিবির খারাংখালী বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক রুহুল আমিন টেকনাফ থানার মৌলভীবাজার পূর্বপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে।
৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে খারাংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মৌলভীবাজার বিএসপি পোস্টের কাছে অবস্থান নেয়। পরে ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে সন্দেহজনক একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় টহল দলের সদস্যরা তাকে আটক করেন। পরে তার হাতে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে।
৬৪ বিজিবি অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।