দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. ইমরান (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল আনজুমানপাড়ার ফাইসা খাল নুরুল বশর ঘের সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করে।
আটক ইমরান উখিয়া উপজেলার নলবনিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ২টা ২০ মিনিটে মিয়ানমার দিক থেকে জেলের ছদ্মবেশে মাছের ঝুড়ি হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির সদস্যদের সন্দেহ হয়।
এ সময় তাকে চ্যালেঞ্জ করা হলে ইমরান দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান। তার হাতে থাকা মাছের ঝুড়ির ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় একটি বাটন মোবাইল ফোন ও নগদ টাকাও উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
৬৪ বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।