দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় পর্যটকবাহী চাঁদের গাড়িতে করে ইয়াবা পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবাসহ গাড়ির চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উখিয়ার শীলখালী চেকপোস্টে এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
আটক চালকের নাম মো. ওমর ফারুক (১৯)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর তুতখালী গ্রামের আলী হোসেনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা এবং বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’ দিয়ে গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় ডগ হেনরির সহায়তায় চালকের স্টিয়ারিংয়ের কাছে পলিথিনের ভেতর অভিনব কায়দায় লুকানো দুটি মিনি কাট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল ৪ হাজার পিস ইয়াবা।
এ সময় ইয়াবাসহ গাড়িচালক ওমর ফারুককে আটক করা হয়। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত চাঁদের গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।
পরে গাড়িটি বিস্তারিত তল্লাশি করা হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত অন্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।