দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল পূর্ব ফারির বিল কেকড়াতলী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তবর্তী পূর্ব ফারির বিল কেকড়াতলী এলাকায় সৈয়দ নুরের মাছের ঘেরের পূর্ব পাশের বেড়ি দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল। তাকে চ্যালেঞ্জ করলে তার হাতে থাকা একটি পলিব্যাগ মাছের ঘেরের কাছে ফেলে দিয়ে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে পলিব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী পাঁচটি কাট উদ্ধার করেন। এসব কাটের মধ্যে আনুমানিক ৫০ হাজার পিস ইয়াবা ছিল।
ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।