দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক এফডিএমএন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৩১/২-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. শহিদুল (১৯) নামে এক এফডিএমএন সদস্যকে আটক করা হয়।
আটক শহিদুল এফডিএমএন ক্যাম্প-৭, ব্লক-বি/২-এর বাসিন্দা। তার বাবার নাম ওমর হামজা।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে তাকে উদ্ধার করা ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।