দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল উলুবনিয়া বিএসপি পোস্টের কাছে এ অভিযান চালায়।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় বিজিবি সদস্যরা মিয়ানমার থেকে তিনজন ব্যক্তিকে জেলের ছদ্মবেশে দুইটি মাছের ঝুড়ি হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পান। এ সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা মাছের ঝুড়ি ফেলে গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া মাছের ঝুড়ির ভেতর থেকে খাকি ও নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা ১৩ কাট ইয়াবা উদ্ধার করেন। এসব প্যাকেটে মোট ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালালেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।