মিসবাহ উল্লাহ, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলম কোম্পানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ দুপুরে শামলাপুর দাউদ ইসলামী দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে শামলাপুর কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুম আলম কোম্পানি দীর্ঘ ৩৭ বছর ধরে কক্সবাজারে অত্যন্ত সুনাম ও সততার সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
জানাজার পূর্বে পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মরহুম সিরাজুল হকের বড় ছেলে ওসি রফিক, মরহুম আলম কোম্পানির বড় ছেলে সাইফুল্লাহ কোম্পানি এবং তাঁর ছোট ভাই অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুল্লাহ।
বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে ও ব্যবসার খাতিরে তিনি যদি অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকেন, তবে তা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়। একই সঙ্গে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।