দিদারুল আলম জিসান: কক্সবাজার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১১ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।
বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ আশারতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জারুলিয়াছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে বিজিবির বিশেষ আভিযানিক দল কয়েকজন চোরাকারবারীকে দেখতে পেয়ে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৯ কার্টনে রাখা মোট ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ৮৯ হাজার ১৬ পিস হলুদ রঙের এবং ৯০০ পিস সবুজ রঙের ইয়াবা ছিল।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।