নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় নদীপথে মিয়ানমার থেকে পাচারের সময় আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬৪।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক।
আটক ব্যক্তি হলেন উখিয়া উপজেলার এফডব্লিউ ই-১৮ এলাকার বাসিন্দা আঃ শুককুরের ছেলে হাফিজ উল্লাহ (২১)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে পালংখালী বিওপির একটি টহল দল সীমান্তের আনজুমানপাড়া গ্রামের পানির পয়েন্টের নিচে খালের মুখ এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তিকে মাথায় একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাকে চ্যালেঞ্জ করা হয়। পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
পরে তার বহন করা বস্তায় তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতরে থাকা ১২টি কার্টনে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাফিজ উল্লাহ স্বীকার করেছেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো এনে দেশে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।