দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় সিপিসি-১ র্যাব ক্যাম্পের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সিএনজির নিচে বাম পাশের চাকার পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক মো. মোবারক (১৯)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোবারক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (জিনজিরা পাড়া) এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।