দিদারুল আলম জিসান: কক্সবাজার
চট্টগ্রামের সাতকানিয়ার আলোচিত হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন ওরফে বাঁচা (৩৫)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
গত শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে র্যাব-১৫ এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন কেরানিহাট বাজার সংলগ্ন ‘সি ওয়ার্ল্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আকবর হোসেন ওরফে বাঁচা সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বরদুয়ারা এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।
১ জুলাই দায়ের হওয়া সাতকানিয়া থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এক নম্বর এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন আকবর হোসেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।