দিদারুল আলম জিসান: কক্সবাজার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী প্রধানঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কয়েকজন চোরাকারবারী মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির আভিযানিক দল তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা বহন করা ইয়াবার কার্টন ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬টি কার্টনে থাকা মোট ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ১ লাখ ৬০ হাজার ৪ পিস হলুদ এবং ১ হাজার ৬০৪ পিস সবুজ রঙের ইয়াবা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে বলেও তিনি জানান।