দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, চট্টগ্রাম থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী রিল্যাক্স বাসে তল্লাশির সময় পেছনের আসনে বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আসন তল্লাশি করা হয়। পরে সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় অবৈধ মাদক বহনের অভিযোগে দুই যাত্রীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন টেকনাফ উপজেলার নেগুরবীল এলাকার মো. নিজাম (২০) এবং নতুন পল্লানপাড়া এলাকার রবি দাশ (৪৮)। উদ্ধার করা চোলাই মদের আনুমানিক মূল্য ২ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক দুই আসামি এবং জব্দ করা চোলাই মদ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।