দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে পৃথক দুই অভিযানে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধীন দমদমিয়া বিওপির আভিযানিক দল ২৮ ও ২৯ জুন পৃথক দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে ২৮ জুন সকাল সাড়ে ৮টার দিকে জাদিমুড়া পোস্টসংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকায় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
পরদিন ২৯ জুন ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত আরেকটি অভিযানে আরও ২২ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। এসব সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল বলে বিজিবির দাবি।
পৃথক দুটি অভিযানে মোট ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য দেশে প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকার বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।