দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক এবং ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাটাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করে।
সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন ব্যক্তিকে পানি দিয়ে ভাসিয়ে সারের বস্তা আনতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সারের বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে ৫ জনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
আটক ব্যক্তিরা হলেন— উখিয়ার পশ্চিম পালংখালীর মো. রুবেল (২৩) ও মো. সিফাত (১৯), কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের গুরা মিয়া (৩৮), বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এহসানুল হক (৩০) এবং বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মুনাফ (২৪)।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ইউরিয়া সার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে সার, তেল ও অন্যান্য পণ্য মিয়ানমারে পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চোরাকারবারীদের চিহ্নিত করে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে চোরাচালান নিরুৎসাহিত করার কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।