দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজার, ২৭ জুন: কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুপাড়া বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার বালুছড়া পাতাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তি হলেন উখিয়ার বালুরছড়া গ্রামের মো. মিজানুর রহমান (২৬)। তার কাছ থেকে ১,০০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় আরও চারজনকে পলাতক আসামি করা হয়েছে। তারা হলেন হোসেন আলী, তারেক হোসেন, কামাল উদ্দিন (প্রকাশ সাইত্রিশ কামাল) এবং মনজুর খলিবা।
বিজিবি জানিয়েছে, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।