নিজস্ব প্রতিবেদক | নাইক্ষ্যংছড়ি
২৩ জুন, ২০২৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের এক দুর্গম পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার বাইশারী বাজার থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ২৮০ নং আলীক্ষ্যং মৌজার ‘হাতির ডেরা’ নামক স্থানে এই কঙ্কালটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকার হাতির ডেরা নামক স্থানে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনকে অবহিত করা হয়। খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কঙ্কালটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালটি কার এবং কীভাবে তার মৃত্যু হয়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কঙ্কালটির পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও পুলিশি তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকায় কঙ্কাল উদ্ধারের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষেই এই রহস্যের জট খুলবে বলে আশা করছে প্রশাসন।