দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ-উখিয়া সড়কের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক প্রাইভেটকার চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মোহাম্মদ শফির বিল এলাকার বাসিন্দা আহসানুল করিম (২৭)।
সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় নারকোটিক্স শনাক্তকারী বিজিবির প্রশিক্ষিত ডগ ‘হেনরী’র সহায়তায় গাড়িটির গ্যাস সিলিন্ডার পরীক্ষা করা হয়।
তল্লাশিকালে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি কাটুন থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকার চালক আহসানুল করিমকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।