মিসবাহ উল্লাহ, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদের ওপর এক বর্বরোচিত ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়েছে।
এই নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দল।
এক যৌথ বিবৃতিতে টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন:
”পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ ভাইয়ের ওপর আওয়ামী লীগ ও যুবলীগের চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করছি। একজন জনপ্রিয় শ্রমিক নেতাকে এভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করা প্রমাণ করে তারা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই।”
বিবৃতিতে শ্রমিক দল নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার মূল হোতা এবং জড়িত সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।