ঈদগাঁও (কক্সবাজার), ১ জুন: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোদামপাড়ায় প্রবাসী স্বামীকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রথম স্ত্রীর অনুপস্থিতিতে বাড়ি দখলের চেষ্টা করে তার ১২ বছরের শিশু কন্যাকে একটি কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী দাবিদার এক নারী ও শাহজাহানের মায়ের বিরুদ্ধে।
গত শুক্রবার সকালে প্রথম স্ত্রী সাদিয়া আক্তার বিউটি বাড়ির বাইরে থাকার সুযোগে অভিযুক্তরা ছাদের সিঁড়িঘরের টিন কেটে ঘরে ঢুকে শিশুটিকে মারধর করে তালাবদ্ধ করে রাখেন বলে অভিযোগ। দিনভর শিশুর কান্না শুনেও প্রতিবেশীরা ভয়ে এগিয়ে আসেননি।
বিকেলে বাড়ি ফিরে মেয়ের কান্নার শব্দ শুনে সাদিয়া আক্তার বিউটি ঈদগাঁও থানায় অভিযোগ করেন। থানার এসআই আশরাফ ও এএসআই জহিরুলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১২ ঘণ্টার অভিযান চালিয়ে রাতে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের সময় শিশুটি আতঙ্কিত ও শারীরিকভাবে অসুস্থ ছিল।
বিবাহ ও তালাক নিয়ে বিরোধ
সাদিয়া আক্তারের দাবি, প্রবাসে যাওয়ার আগে স্বামী শাহজাহান বাড়িটি তাঁর ও সন্তানদের নামে লিখে দিয়েছিলেন। পরে বিদেশে থাকাকালীন আরেক নারীকে বিয়ে করেন। অপরদিকে শাহজাহানের মা দাবি করেন, প্রায় এক বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে। তবে কোনো পক্ষই আদালত, ইউনিয়ন পরিষদ বা থানায় তালাকের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। দ্বিতীয় স্ত্রী দাবিদার নারী জানান, তিনি তিন বছর আগে নোটারির মাধ্যমে বিয়ে করেছেন, কিন্তু কোনো দলিল উপস্থাপন করতে পারেননি।
এএসআই জহিরুল জানান, অভিযুক্তরা দরজা খুলতে অস্বীকৃতি জানালে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি বর্তমানে ইউনিয়ন পরিষদে বিচারাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।