দিদারুল আলম জিসান, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে। বুধবার (০৭ মে) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ বিওপি’র সদস্যরা মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে হাজমপাড়া এলাকার একটি বসতবাড়িতে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী বিজিবির একটি আভিযানিক দল বুধবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে হাজমপাড়া এলাকায় গোপনে কৌশলগত অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন মোঃ ইসহাকের বসতঘর ও আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
পরবর্তীতে বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি এসব মাদকদ্রব্য মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করে মজুদ রেখেছিলেন।
আটককৃত ব্যক্তি হলেন মোঃ ইসহাক (২৬)। তিনি টেকনাফ উপজেলার হাজমপাড়া এলাকার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, তাৎক্ষণিক ও কৌশলগত অভিযানের মাধ্যমে মাদক পাচারের একটি বড় অপচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। আটক আসামি ও জব্দকৃত ফেনসিডিল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।