কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পল্লানকাটা (পল্লাইন্যা কাটা) এলাকায় চাঁদা না দেওয়ার জের ধরে ছুরিকাঘাতে গণেশ পাল (৩৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে।
শনিবার (৭ মার্চ) বিকেল দিকে এ ঘটনা ঘটে।
নিহত গণেশ পাল ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে। তিনি শহরের সমবায় মার্কেটে কাপড়ের দোকান এবং বড়বাজারে মুদি দোকান পরিচালনা করতেন। পরিবারের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী জিসানের নেতৃত্বে গনেশ পালের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পাওয়ায় তারা গণেশ পালের বাড়িতে ঢুকে স্ত্রী ও পরিবারের সদস্যদের সামনেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় সনাতনী সমাজের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
পুলিশের দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের মাত্র ১৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত জিসান (জিদান) ও তার সহযোগী বাদশা নামে দুজনকে আটক করেছে কক্সবাজার থানা পুলিশ । আটককৃতদের মধ্যে জিসানকে এলাকায় ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদ করে হত্যার পুরো ঘটনা ও অন্যান্য জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি জানান, এটি চাঁদাবাজি সংক্রান্ত ঘটনা বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।