
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে জাল টাকা তৈরির একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ জাল নোট ও তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় একটি বাড়িতে অভিযান চালানো হয়।
আটককৃত যুবকের নাম মো. ইমরান (২৩)। তিনি যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে। ওই বাড়িটি স্থানীয় বাসিন্দা বাবুল বড়ুয়ার।
অভিযানকালে ঘর থেকে এক হাজার ও পাঁচশ টাকা মূল্যমানের জাল নোট মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। এছাড়া জাল টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে আটক ব্যক্তিকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং জাল টাকা তৈরির সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।