কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলায় সেহরি খাওয়ার সময় নিজ বাড়িতে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম লালা বিবি (৩০)। তিনি মালয়েশিয়া প্রবাসী আবদু শুকুরের স্ত্রী।
ঘটনাটি ঘটে সোমবার (৩ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় নিজ বসতঘরে।
পারিবারিক সূত্র জানায়, সেহরি খাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। হঠাৎ চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে লালা বিবিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম জানান, লালা বিবির গলা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরিবারের ধারণা, তাকে শ্বাসরোধ করে ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।
পরিবার আরও দাবি করছে যে, তাদের সঙ্গে পূর্ব থেকে জমি সংক্রান্ত বিরোধ চলছিল অনেক দিন আগে থেকে । এ ঘটনার পেছনে সেই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।
এদিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।