
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। আত্মরক্ষায় ওই নারী ধারালো অস্ত্র দিয়ে অভিযুক্ত ব্যক্তির যৌনাঙ্গ কেটে দেন বলে জানা গেছে।
রোববার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্ষেতলাল পৌরসভার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের নজরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। তিনি নারীকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগী নারী আত্মরক্ষার্থে ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গ কেটে দেন।
ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ভুক্তভোগী নারী ও তার পরিবারের পক্ষ থেকে ধর্ষণচেষ্টার অভিযোগ করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে । অনেকে নারীর সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ কেউ ঘটনার বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন।