
শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করা হয়েছে। অভিযানের সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
জাজিরা ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ আহমেদ বুধবার(১১ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল অভিযান চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন মজিবর রহমান মাদবর। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগদান করেন এবং বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
আটকের পর তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানা যায়।