
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ধানের শীষ প্রতীকের এক নির্বাচনী প্রার্থীর প্রচারণা গাড়িকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ২৫ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের ওই সময় ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণার গাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাত বন্দুকধারীরা গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক এবং তিনজন স্থানীয় বাংলাদেশি।
আহত রোহিঙ্গারা হলেন— আলীখালী ক্যাম্পের বাসিন্দা নুর হোসেনের ছেলে রহমান (৩৬) এবং নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
আহত বাংলাদেশিরা হলেন— আলীখালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নুসরাত জাহান (১৮) এবং নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে ভর্তি করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণার গাড়িতে গুলির এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গুলি কারা চালিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নির্বাচনী পরিবেশে এ ধরনের সহিংসতা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।