![]()
মেহেরপুর, ২৬ জানুয়ারি: মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত সাদা রঙের নোয়া মাইক্রোবাস থেকে বিদেশি কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধারসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার সকালে শহরের হোটেল বাজার মোড়ে যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টে গাড়িটি তল্লাশির সময় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন— বাংলা এডিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াত আমির মাওলানা তাজ উদ্দিন খানের ফেসবুক পেইজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাসচালক ইজারুল হক।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, চেকপোস্টে সব যানবাহন তল্লাশি করা হচ্ছিল। গাড়িটি চেক করলে উদ্ধার করা হয় ৩টি ফোল্ডেবল স্টিক (চাইনিজ কুড়ালসহ), ১টি বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার এবং ১টি হ্যান্ড মাইক। এ সময় মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৯-৪১৪৬) জব্দ করা হয়।
এদিকে, ঘটনার বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াত আমির মাওলানা তাজ উদ্দিন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
যৌথ বাহিনীর এ অভিযান চলমান নিরাপত্তা তল্লাশির অংশ বলে জানা গেছে।