২৪ জানুয়ারি ২০২৬ – আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় এবং নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর আইসিসি এই পদক্ষেপ নিয়েছে। শূন্যস্থান পূরণে স্কটল্যান্ডকে দ্রুত অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) আইসিসি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিবির সঙ্গে দীর্ঘ আলোচনার পরও সমাধান না হওয়ায় এবং নিরাপত্তা ঝুঁকির কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ না পাওয়ায় বাংলাদেশের অংশগ্রহণ বাতিল করা হয়েছে। আইসিসির মূল্যায়নে ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো বাস্তব নিরাপত্তা হুমকি নেই বলে উল্লেখ করা হয়েছে।
র্যাঙ্কিং এবং সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে স্কটল্যান্ডকে পরবর্তী যোগ্য দল হিসেবে বিবেচনা করে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। স্কটল্যান্ড এখন গ্রুপ সি-তে বাংলাদেশের জায়গায় অংশ নেবে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল এবং ইংল্যান্ডের মতো দল রয়েছে।
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা হয়েছে। আইসিসি থেকে আরও জানানো হয়েছে যে, এই প্রত্যাহারের কারণে বিসিবির বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে,কি রকম জরিমানা করা হবে তার বলা হয়নি।
বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কা রয়েছে, এবং টুর্নামেন্টটি আগামী মাসে শুরু হওয়ার কথা। স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি টুর্নামেন্টের গ্রুপ পর্বের সময়সূচিতে সামান্য পরিবর্তন আনবে।
ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে, বিশেষ করে বাংলাদেশে এটি হতাশা ও বিতর্কের জন্ম দিয়েছে।