ময়মনসিংহে পুলিশের ওপর হামলা: ৫ সদস্য কুপিয়ে আহত, হাতকড়াসহ আসামি ছিনতাই।
ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলা চালিয়ে এক মামলার এজাহারভুক্ত আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ একটি মামলার আসামি মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হামলায় আহত ৫ পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবলসহ মোট পাঁচজন। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব জানান, হামলাকারীরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আসামিকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ এখন ছিনতাই হওয়া আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ধরনের ঘটনা পুলিশ সদস্যদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নতুন করে প্রশ্ন তুলছে সাধারণ জনগণ।