দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারে অভিনব কৌশলে পেটের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মোঃ হিলাল উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫৮০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও মাদক পাচারে ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর একটি তল্লাশিদল।
আটক মোঃ হিলাল উদ্দিন রাজবাড়ী জেলার পাংশা থানার পারডেমনামারা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা। এ সময় গাড়ির যাত্রী হিলাল উদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। একপর্যায়ে তার পেটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৫৮০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য জব্দ মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।