রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে টুম্পা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামু থানা পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উখিয়ারঘোনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত টুম্পা আক্তারের স্বামী আব্দুল হক পেশায় একজন স্থানীয় মাদ্রাসা শিক্ষক এবং হোমিওপ্যাথি চিকিৎসক।
স্থানী সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরেই ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটি নিয়ে এলাকায় ইতিমধ্যেই নানা গুঞ্জন ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এটি আসলেই আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।