কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী-মিটাপানি এলাকার সমুদ্র সৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সৈকতের উত্তর লম্বরী অংশ ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকায় সকালে স্থানীয় লোকজন মরদেহ দুটি দেখতে পান। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
উদ্ধারকৃত মরদেহ দুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না বলে জানা গেছে, অন্যদিকে তরুণের পরনে লম্বা প্যান্ট ও জ্যাকেট ছিল। পুলিশের ধারণা, তারা সমুদ্রে ডুবে মারা গিয়ে থাকতে পারে অথবা অন্য কোনো কারণে মৃত্যু হয়ে মরদেহ ভেসে এসেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা মরদেহ উদ্ধার করেছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ আরও তদন্ত করে দেখছেন।