ফেনীর সোনাগাজীতে নির্বাচনী কেন্দ্রে সংকীর্ণ ব্যবধানে জয়ের পর জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চর দরবেশ ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী-৩ আসনের পাইকপাড়া কেন্দ্রে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ২৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এই সংকীর্ণ জয়ের পর ক্ষোভ থেকে বিএনপির কিছু নেতা-কর্মী জামায়াতের স্থানীয় নেতাদের লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ।
ভুক্তভোগীদের একজন, বগাদানা ইউনিয়ন জামায়াতের ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জাবেদ বলেন, “মাত্র ২৫ ভোটের জয়ে ক্ষিপ্ত হয়ে তারা আমার বাড়ি ও দোকানে হামলা চালিয়েছে। মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এছাড়া সোনাগাজীর বগাদানা ইউনিয়ন জামায়াত সভাপতি আবদুল হাইয়ের বাড়িতেও হামলা করা হয়।”
একই কেন্দ্রের জামায়াতের এজেন্ট আতা উল্লাহর বাবার দোকান এবং জামায়াত কর্মী নূরে এলাহীর দোকানও ভাঙচুরের শিকার হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।