ময়মনসিংহ, ১০ ফেব্রুয়ারি ২০২৬: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিজ দোকানের ভেতরে এক চাল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর দোকানের শাটার নামিয়ে চলে যায় তারা। এ ঘটনায় নিহতের পরিবারের দাবি, দোকান থেকে কয়েক লাখ টাকাও লুট করে নিয়েছে হামলাকারীরা।
নিহত ব্যক্তির নাম সুসেন চন্দ্র সরকার (৬২)। তিনি ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা এবং বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে চালের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে বগার বাজার চৌরাস্তায় তার দোকানে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারের মাথায় একাধিকবার কোপ দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে শাটার খুলে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।
নিহতের ছেলে সুজন সরকার জানান, পরিবারের চালের ব্যবসা দীর্ঘদিনের। কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তিনি বলেন, “বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।” তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত অব্যাহত রেখেছে।