দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় মাদক কারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ নভেম্বর) রাত ১টার দিকে টেকনাফ থানাধীন বড়ইতলি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। তবে অভিযান চলাকালে মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।
জব্দ করা ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত সিএনজির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।